নিউজ প্রবাসী ডেক্স:
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। প্রতিষ্ঠানটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন থেকে এবার মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৯ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন। ইংরেজি ভার্সনের সব পরীক্ষার্থীই পাস করেছে।
কলেজ সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৩২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৯৯ দশমিক ৮৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৯ দশমিক ৬২ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ১২ জন। অন্যদিকে, মানবিক বিভাগের ৩১৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।
ফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। বাদ্যযন্ত্র বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করান তাঁরা।
অভিভাবকেরা জানান, সন্তানের ভালো ফল তাদের ভবিষ্যৎ লক্ষ্য পূরণে আত্মবিশ্বাস বাড়াবে। প্রত্যাশিত ফল পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নিয়েও সন্তোষ জানান তাঁরা।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, একবার ভালো ফল করা তুলনামূলক সহজ হলেও বছরের পর বছর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং ফলের মান উন্নত করা বড় চ্যালেঞ্জ। নিয়মানুবর্তিতা ও পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে মাইলস্টোন কলেজ এ ধারাবাহিকতা ধরে রাখছে।
এইচএসসি পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।