নিউজ প্রবাসী ডেক্স:

দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৩ শিশু। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৫৫ জন।

রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৯৩৫।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ২৫৫ শিশুর বিপরীতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে নতুন সন্দেহজনক রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ৫৬৪ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। চট্টগ্রামে ২৬৪, সিলেটে ১২৬, বরিশালে ১২৯, খুলনায় ৮৯, ময়মনসিংহে ৮৯, রংপুরে ৫১ এবং রাজশাহীতে ৪১ শিশু সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ১ হাজার ১৪৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু।

শিশুদের মধ্যে সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ তৈরি হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts