নিউজ প্রবাসী ডেক্স:

সদ্যবিদায়ী অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, অক্টোবরে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ আগের মাস সেপ্টেম্বরের তুলনায় বেশি। ওই মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। আর গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১০ কোটি ৭৬ লাখ ডলার।

তবে রেমিট্যান্সের পরিমাণ তিন বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করতে পারেনি। অক্টোবরসহ টানা পাঁচ মাস ধরে দেশে প্রবাসী আয় তিন বিলিয়ন ডলারের নিচে রয়েছে। এর মধ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসও রয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত টানা ছয় মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল।

ব্যাংকভিত্তিক হিসাবে অক্টোবরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৫০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১২ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ লাখ ১০ হাজার ডলার।

এ মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি আইসি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারে। সেপ্টেম্বরে আবার কমে আসে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts