নিউজ প্রবাসী ডেক্স:

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমে যাবে।

রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে প্রতিদিন প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে।

পেট্রোবাংলা জানিয়েছে, সরবরাহ কমে যাওয়ার প্রভাব আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহকের ওপর পড়তে পারে। বিশেষ করে এ সময় বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকার আশঙ্কা রয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। এর আগে গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে টার্মিনালটির কার্যক্রম পুনরায় চালুর কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts