নিউজ প্রবাসী ডেস্ক:
সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা, আইনি সুরক্ষা ও কর্মক্ষেত্রে অধিকার নিশ্চিত করতে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে সরকার। ভিসা ও নিয়োগচুক্তি যাচাই থেকে শুরু করে ইকামা, চাকরি পরিবর্তন, অর্থ লেনদেন, সামাজিক আচরণ, সড়ক নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে করণীয়—বিভিন্ন বিষয়ে প্রবাসীদের সতর্ক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ নির্দেশনাসংবলিত বার্তা প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিদেশ যাওয়ার আগে প্রস্তুতি
সৌদি আরবে যাওয়ার আগে ভিসা, নিয়োগকর্তা ও নিয়োগচুক্তি ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে সরকার। পাশাপাশি বিএমইটি ছাড়পত্র, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছে। পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের হেফাজতে রাখতে হবে। দালালের মৌখিক আশ্বাসে টাকা দেওয়া এবং ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাসপোর্ট নিয়োগকর্তা বা অন্য কারও কাছে জমা না রাখার বিষয়েও সতর্ক করা হয়েছে।
ইকামা ও প্রয়োজনীয় কাগজপত্র
প্রবাসীদের সব সময় ইকামা সঙ্গে রাখা এবং Absher অ্যাপের মাধ্যমে এর মেয়াদ যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। QIWA প্ল্যাটফর্মে নিয়োগচুক্তি ও ওয়ার্ক পারমিটের তথ্যও পরীক্ষা করতে হবে। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে নবায়ন বা পুনরায় ইস্যুর ব্যবস্থা করতে বলা হয়েছে।
কোনো কাগজের বিষয়বস্তু না বুঝে কিংবা সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া যাবে না। OTP ও পাসওয়ার্ড কারও সঙ্গে ভাগ না করার নির্দেশনাও রয়েছে। মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তার; এ জন্য কাউকে টাকা দেওয়া উচিত নয়।
চাকরি, বেতন ও শ্রমিকের অধিকার
নিয়োগচুক্তির কপি এবং কাজের প্রমাণ সংরক্ষণ করতে হবে। বেতন ব্যাংকিং চ্যানেলে গ্রহণ করে লেনদেনের স্টেটমেন্ট রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে কোনো সমস্যা হলে মকতব আমল ১৯৯১১ নম্বরে অথবা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।
‘স্কিল ভিসা’ বা নিজ নিয়োগকর্তার বাইরে কাজ করা যাবে না। নিয়োগকর্তার সঙ্গে বিরোধ দেখা দিলে কর্মস্থল থেকে পালিয়ে না গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিতে হবে। কর্মবিরতি, ধর্মঘট কিংবা কাজে বাধা সৃষ্টি করা থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
চাকরি পরিবর্তন ও দেশে ফেরার নিয়ম
চাকরি পরিবর্তনের ক্ষেত্রে QIWA প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধভাবে ট্রান্সফার সম্পন্ন করতে হবে। দেশে ফেরার আগে জরিমানা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আছে কি না, তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ফেরার আগে মোবাইল সিম ও অ্যাকাউন্ট বন্ধ করার কথাও বলা হয়েছে।
৪০ হাজার রিয়াল বা তার বেশি নগদ অর্থ কিংবা সোনা সঙ্গে থাকলে কাস্টমসে ঘোষণা করতে হবে। অনুমোদন পাওয়ার আগে নতুন কাজে যোগ দেওয়া যাবে না। ভিসার বিষয়টি নিশ্চিত না করে বিমানবন্দরে না যাওয়া এবং Final Exit ভিসার নির্ধারিত মেয়াদ অতিক্রম না করার নির্দেশনা রয়েছে। অর্থের বিনিময়ে অন্যের সোনা বা মোবাইল বহন করতেও নিষেধ করা হয়েছে।
সামাজিক আচরণ ও ব্যক্তিগত নিরাপত্তা
সৌদি আরবে অবস্থানকালে শালীন পোশাক, ভদ্র আচরণ এবং স্থানীয় নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জনসমক্ষে ঝগড়া, গালাগালি, মারামারি, ময়লা ফেলা কিংবা জাতি, দেশ ও গায়ের রং নিয়ে কটূক্তি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে শান্তভাবে তা দেখাতে হবে।
শিশু ও নারীদের সঙ্গে আচরণের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। অপরিচিত শিশুকে স্পর্শ করা, কোলে নেওয়া বা খাবার দেওয়া যাবে না। নারীদের পিছু নেওয়া, অনুমতি ছাড়া স্পর্শ করা, হয়রানি করা কিংবা অচেনা নারীর কাছে ফোন নম্বর চাওয়া ও বার্তা পাঠানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রতিবেশী বা অপরিচিত ব্যক্তির বাড়িতে প্রবেশের আগে অনুমতি নিতে হবে।
ধর্ম, সংস্কৃতি ও অনলাইন ব্যবহারে সতর্কতা
নামাজের সময় কাজ বন্ধ রেখে নামাজ আদায়, রমজানে দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া ও ধূমপান থেকে বিরত থাকা এবং মসজিদে মোবাইল ফোন নীরব রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ধর্ম, রাজপরিবার বা সরকার নিয়ে মন্তব্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার বিষয়ে সতর্ক করা হয়েছে। মিছিল, সমাবেশ ও ধর্মঘটে অংশ না নেওয়ার নির্দেশনাও রয়েছে।
অনলাইনে কোনো খবর শেয়ার করার আগে সত্যতা যাচাই করতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ও দুই ধাপের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার এবং শুধু অফিসিয়াল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া শিশু, নারী বা পরিবারের সদস্যদের ছবি তোলা যাবে না। গুজব, অশ্লীল ভিডিও কিংবা মিম ছড়ানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিরোধ, আঘাতস্থল ও নিরাপত্তাসংবেদনশীল স্থানের ছবি বা ভিডিও ধারণ, সংরক্ষণ কিংবা শেয়ার না করার নির্দেশনা রয়েছে।
সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনায় করণীয়
গাড়ি চালানোর ক্ষেত্রে বৈধ লাইসেন্স ও বিমা নিশ্চিত করা, সিটবেল্ট ব্যবহার এবং গতিসীমা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। দুর্ঘটনা ঘটলে নাজম ও পুলিশের রিপোর্ট সংগ্রহ করতে হবে এবং নিজের গাড়ির দুর্ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে যাওয়া যাবে না।
দুর্ঘটনায় কেউ আহত হলে জরুরি নম্বরে যোগাযোগ করতে হবে। উদ্ধারকারীদের চলাচলের পথ খালি রাখা এবং সাক্ষী হলে কেবল নিজের দেখা সত্য ঘটনা জানাতে বলা হয়েছে। প্রাণের ঝুঁকি না থাকলে আহত ব্যক্তিকে টেনে তোলা, দুর্ঘটনাস্থলে ভিড় করা কিংবা ছবি-ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে হবে। আহত বা নিহত ব্যক্তির মোবাইল ফোন ও অর্থেও হাত দেওয়া যাবে না।
অর্থ লেনদেন ও সঞ্চয়
প্রবাসীদের কেবল ব্যাংক ও অনুমোদিত এক্সচেঞ্জের মাধ্যমে দেশে টাকা পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। হুন্ডি থেকে দূরে থাকা, নিয়মিত সঞ্চয় করা এবং বিল ও ঋণ সময়মতো পরিশোধ করতে বলা হয়েছে। নিজের সিম, কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট অন্যকে ব্যবহার করতে দেওয়া যাবে না। অন্যের ঋণের জামিনদার হওয়া কিংবা অন্যের নামে ব্যবসা করতেও নিষেধ করা হয়েছে।
কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, অনুষ্ঠান বা সভার আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়া এবং অনুমতি ছাড়া চাঁদা বা অর্থ সংগ্রহ না করার নির্দেশনা রয়েছে। আবাসিক ক্যাম্পে নারী অতিথি আনা, আতশবাজি ফোটানো, গাছ কাটা ও শিকার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
ওষুধ, স্বাস্থ্য ও কর্মস্থলের নিরাপত্তা
দেশ থেকে ওষুধ নেওয়ার আগে সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের (SFDA) অনুমতি নিতে হবে। ওষুধের প্রেসক্রিপশন ও মূল প্যাকেট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যের দেওয়া ব্যাগ, প্যাকেট বা ওষুধ বহন করা যাবে না। মদ, জুয়া ও মাদক থেকে দূরে থাকার পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া কিংবা অতিরিক্ত পরিমাণে ওষুধ না আনার নির্দেশনা রয়েছে।
গরমের সময় পর্যাপ্ত পানি পান, ছায়ায় বিশ্রাম এবং কর্মক্ষেত্রে হেলমেট, সেফটি বেল্টসহ প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি রোদে কাজ না করার নির্দেশনা রয়েছে। বন্ধ ঘরে চুলা জ্বালিয়ে ঘুমানো এবং বৈদ্যুতিক লাইনে অতিরিক্ত লোড দেওয়া থেকেও সতর্ক করা হয়েছে।
হজ-উমরাহ ও পারিবারিক বিষয়
নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি নিয়ে হজ, উমরাহ ও জিয়ারাহ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিয়ে আইনসম্মতভাবে নিবন্ধন এবং সন্তানের জন্মনিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। অনুমতি ছাড়া হজ করা বা হাজি বহন এবং গোপন কিংবা অনিবন্ধিত বিয়েতে জড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে।
বিপদে যেসব নম্বরে যোগাযোগ করবেন
জরুরি পরিস্থিতিতে সৌদি আরবের সংশ্লিষ্ট জরুরি সেবা, বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং এবং প্রয়োজনে দূতাবাসের অনুবাদ ও আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে সরকার। না বুঝে আরবি কাগজে স্বাক্ষর না করা এবং সমস্যা সমাধানের নামে দালালকে টাকা না দেওয়া