প্রযুক্তি ডেস্ক :
ওয়্যারলেস প্রযুক্তিতে নতুন সম্ভাবনা তৈরি করতে ব্লুটুথের ডেটা স্থানান্তরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)। সংস্থাটি ‘ব্লুটুথ কোর ৭.০’-এর ঐচ্ছিক ফিচার হিসেবে ‘ব্লুটুথ হাই ডেটা থ্রুপুট’ (এইচডিটি) প্রযুক্তির অনুমোদন দিয়েছে। এতে ব্লুটুথ লো এনার্জি (এলই) ডিভাইসে সর্বোচ্চ ডেটা স্থানান্তরের গতি প্রতি সেকেন্ডে ২ মেগাবিট থেকে বেড়ে ৭ দশমিক ৫ মেগাবিটে পৌঁছাবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্রযুক্তির ফলে আগের তুলনায় একই সময়ে অনেক বেশি তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে। বিশেষ করে উন্নতমানের ওয়্যারলেস অডিও এবং স্পেশাল ও মাল্টি-চ্যানেল অডিও ব্যবহারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নতুন প্রযুক্তির প্রথম সমর্থিত ডিভাইস ২০২৭ সালের শুরুর দিকে বাজারে আসতে পারে। এরপর ধাপে ধাপে আরও ডিভাইসে এ সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্ধিত ডেটা পরিবহন সক্ষমতা শুধু অডিও প্রযুক্তিতেই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা-নির্ভর অ্যাপ্লিকেশন এবং স্পেশাল কম্পিউটিং ডিভাইসেও কার্যকারিতা বাড়াতে পারে। পাশাপাশি স্মার্টওয়াচের ফার্মওয়্যার হালনাগাদ এবং এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্বাস্থ্য ও ফিটনেস-সংক্রান্ত তথ্য সিঙ্ক করার কাজ আরও দ্রুত সম্পন্ন হবে।
ব্লুটুথ এলই প্রযুক্তির মাধ্যমে এসব কাজ সম্পন্ন হওয়ায় বিদ্যুৎ খরচ তুলনামূলক কম রাখার সুবিধাও বজায় থাকবে। ফলে দ্রুত ডেটা আদান-প্রদানের পাশাপাশি ডিভাইসের ব্যাটারি ব্যবহারের দক্ষতাও গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।
এখন প্রযুক্তি নির্মাতাদের পক্ষ থেকে ব্লুটুথ এইচডিটি সমর্থিত ডিভাইস ঘোষণার অপেক্ষা। আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) অথবা এর আগেই এ ধরনের ডিভাইসের ঘোষণা আসতে পারে।