নিউজ প্রবাসী ডেক্স :

সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে অভিনেত্রী পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ওই আয়োজনে তার অংশ নেওয়ার কথা ছিল।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আয়োজক প্রতিষ্ঠানের এক সদস্য বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পরীমনিকে অনুষ্ঠানের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এর আগে ৬ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চট্টগ্রামের CFVA-এর একটি অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে পরীমনি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ এরপর অনুষ্ঠানে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ক্ষোভ প্রকাশ করেন। কয়েকটি সাংবাদিক সংগঠন অনুষ্ঠান বয়কট ও প্রতিহতের ঘোষণাও দেয়। এর পরিপ্রেক্ষিতেই আয়োজকরা তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনার সূত্রপাত গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে। সেখানে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় ওই সাংবাদিককে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পরীমনি ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে।

পরীমনি ও তার দেহরক্ষীদের দাবি, ওই সাংবাদিক অভিনেত্রীর গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, লিফটে ওঠার সময় ভিডিও ধারণ করতে দেখে পরীমনি তার মোবাইল ফোন কেড়ে নেন এবং তার ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি পরীমনির কাছ থেকে নিজের ফোন ফিরিয়ে নেন বলে গণমাধ্যমকে জানান।

এ ঘটনার সময় আদালত প্রাঙ্গণে থাকা সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থীও আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দেহরক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কির সময় তার মাথা ফেটে যায় বলে অভিযোগ রয়েছে।

তবে পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি আয়োজক প্রতিষ্ঠানের ওই সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts