নিউজ প্রবাসী ডেক্স :
ইয়েমেনের রাজধানী সানার পার্শ্ববর্তী একটি এলাকায় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (৭ নভেম্বর) সকালে সানা প্রদেশের আল-শারিয়া এলাকার আবাসিক স্থাপনা লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশন ও বার্তা সংস্থা সাবার প্রতিবেদনে হতাহতের এ তথ্য জানানো হয়েছে। তাদের দাবি, সৌদি আরবের যুদ্ধবিমান থেকে ওই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হুথিদের অভিযোগও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া এলাকার আল-হাদারা বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত এবং আটজন আহত হওয়ার খবর জানিয়েছিল হুথি কর্তৃপক্ষ। তাদের দাবি, সৌদি যুদ্ধবিমানের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
তবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ ঘটনার জন্য হুথিদের দায়ী করেছে। সরকারের দাবি, বাজারে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই হতাহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেলেও ঘটনার প্রকৃত কারণ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনে হুথি গোষ্ঠী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত বেড়েছে। বিশেষ করে তাইজ প্রদেশে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।