আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি ২০২৬ সালে দেশটিতে এ পর্যন্ত ৫ হাজার ১৮২ জন আক্রান্ত হয়েছেন। ১৯৯১ সালের পর গত ৩৫ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ বার্ষিক সংক্রমণের ঘটনা। আক্রান্তদের পাশাপাশি হামজনিত মৃত্যুর ঘটনাও বাড়ছে।

শুক্রবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) ৫ নভেম্বর পর্যন্ত হালনাগাদ করা হিসাব অনুযায়ী, চলতি বছরে আক্রান্তদের মধ্যে ৫৬২ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আক্রান্তের তুলনায় এ হার প্রায় ১১ শতাংশ।

অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে পেনসিলভানিয়ায়। ৬ নভেম্বর হালনাগাদ করা অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সেখানে ১ হাজার ৪৮৭ জন আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৭ জন। এ সপ্তাহে হাম-সংশ্লিষ্ট ষষ্ঠ মৃত্যুর ঘটনাও জানিয়েছে অঙ্গরাজ্যটি।

সংক্রমণের দিক থেকে পরের অবস্থানে রয়েছে সাউথ ক্যারোলাইনা ও ইউটাহ। সিডিসির হিসাবে, সাউথ ক্যারোলাইনায় আক্রান্তের সংখ্যা ৬৭০ এবং ইউটাহতে ৫৩৬।

এদিকে, উইসকনসিনে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর খবর জানিয়েছে অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ। নিউইয়র্কেও ৩০ বছরের বেশি সময়ের মধ্যে প্রথম হাম-সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে।

তবে হামজনিত মৃত্যুর সংখ্যা নিয়ে অঙ্গরাজ্যগুলোর তথ্যের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবের অমিল রয়েছে। সিডিসি চলতি বছরে এখন পর্যন্ত চারটি হাম-সংশ্লিষ্ট মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তবে এসব মৃত্যু কোন কোন অঙ্গরাজ্যে ঘটেছে, তা প্রকাশ করেনি সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীনে সিডিসি মৃত্যুর হিসাব রাখার পদ্ধতিতে পরিবর্তন এনেছে। আগে অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্য বিভাগের তথ্যের ভিত্তিতে হিসাব করা হলেও এখন জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্রের মৃত্যুসংক্রান্ত তথ্য ব্যবহার করা হচ্ছে। ২০২৫ সালে দেশটিতে হাম-সংশ্লিষ্ট তিনটি মৃত্যুর তথ্য জানিয়েছিল সংস্থাটি।

বয়সভিত্তিক হিসাবে, চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২০ বছর বা তার বেশি বয়সীরা। এ বয়সী আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৩২। ৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১০৪ জন। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৯০৮। এ বছর দেশজুড়ে নতুন করে ৪৩টি হাম সংক্রমণের প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে।

সংক্রমণ বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের স্বীকৃতি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০০০ সাল থেকে দেশটি হাম নির্মূলের স্বীকৃতি ধরে রেখেছে। তবে আগামী সপ্তাহে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিশন সিদ্ধান্ত নেবে, যুক্তরাষ্ট্র এখনো হাম নির্মূলের শর্ত পূরণ করছে কি না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts