নিউজ প্রবাসী ডেক্স :

শ্রমিক অসন্তোষের জেরে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলে নিরাপত্তা বজায় রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়। এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবির সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকাতেও তাদের মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিজিবি সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। দায়িত্ব পালনকালে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রাখছেন মোতায়েন করা সদস্যরা।

শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির সদস্যদের সতর্ক অবস্থান ও নজরদারি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts