নিউজ প্রবাসী ডেক্স :
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার দুপুরে কোনাবাড়ীর জরুন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। অভিযানে বিজিবি সদস্যরাও অংশ নেন।
রোববার (১১ নভেম্বর) দুপুর ৩টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর এলাকা থেকে জরুনের দিকে আসেন। পথে আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। ওই সময় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা শ্রমিকদের ধাওয়া করেন। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।
একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। দুপুর ৩টার দিকে একই দাবিতে মণ্ডল গ্রুপের কয়েকজন শ্রমিক জরুন মোড়ের দিকে আসেন। এ সময় তাঁরা ছয় থেকে সাতটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সরিয়ে দেন।
তিনি আরও জানান, ঘটনার পর সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওই সাতটি কারখানা ছাড়া গাজীপুরের অন্য কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।