নিউজ প্রবাসী ডেক্স :

দেশে গণপিটুনির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত অক্টোবর মাসে সারা দেশে অন্তত ৬৪টি গণপিটুনির ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। আগের মাস সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে নিহতের সংখ্যা বেড়েছে ৩৯ দশমিক ১৩ শতাংশ। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে গণপিটুনিতে নিহত হয়েছিলেন ২৩ জন। অক্টোবরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। তবে একই সময়ে আহতের সংখ্যা ৭৪ থেকে কমে ৫৪ জন হয়েছে। এমএসএফের মতে, আহতের সংখ্যা কমে যাওয়াকে সহিংসতা হ্রাসের লক্ষণ হিসেবে দেখার সুযোগ নেই। বরং গণপিটুনির ঘটনা আরও আক্রমণাত্মক ও প্রাণঘাতী হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে এটি।

অক্টোবরে গণপিটুনির বেশির ভাগ ঘটনার সূত্রপাত হয়েছে চুরির অভিযোগ বা সন্দেহ থেকে। শুধু চোর সন্দেহেই পিটিয়ে হত্যা করা হয়েছে ১৪ জনকে। এর মধ্যে রংপুরে অটোরিকশা ও গরু চুরির অভিযোগে প্রাণ গেছে তিনজনের। টঙ্গী, নোয়াখালী ও চট্টগ্রামেও চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

এ ছাড়া সাধারণ বিবাদ ও সামাজিক বিরোধের জেরে নিহত হয়েছেন পাঁচজন। চাঁদাবাজি, জমি নিয়ে বিরোধসহ বিভিন্ন অভিযোগে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন।

অক্টোবরের আলোচিত কয়েকটি ঘটনায় সাতক্ষীরা ও রংপুরে একাধিক ব্যক্তি গণপিটুনিতে নিহত হন। গত ১৩ অক্টোবর সাতক্ষীরার দেবহাটায় ইসলাম অবমাননার অভিযোগে উত্তেজিত জনতার মারধরে ওয়াহিদুজ্জামান শামীম নামে এক যুবকের মৃত্যু হয়। এর ১২ দিন পর, ২৫ অক্টোবর রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন ভোরে মিঠাপুকুরে গরু চোর সন্দেহে খালিদ হাসান (৩২) নামে আরেক যুবক গণপিটুনিতে নিহত হন।

এমএসএফের হিসাবে, সাতক্ষীরা ও রংপুর ছাড়াও চুয়াডাঙ্গা, গাজীপুর, ঢাকা ও চট্টগ্রামসহ অন্তত ২৪ জেলায় গণপিটুনির ঘটনা ঘটেছে। শিক্ষাপ্রতিষ্ঠানও এ ধরনের সহিংসতা থেকে বাদ যায়নি। টাঙ্গাইল, গাইবান্ধা ও কুষ্টিয়ার কয়েকটি মাদ্রাসায় শিক্ষক ও পরিচালকদের বিরুদ্ধে যৌন নির্যাতন বা বলাৎকারের অভিযোগ ওঠার পর তাঁদের ওপর হামলা চালানো হয়।

কুষ্টিয়ার দৌলতপুরে এমনই এক ঘটনায় মাদ্রাসাশিক্ষককে উদ্ধার করতে গিয়ে জনতার হামলায় গুরুতর আহত হন তিন পুলিশ সদস্য। গত ৮ অক্টোবর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মার্কাজুল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অক্টোবরে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিমা ভাঙচুর ও মন্দিরে চুরির ঘটনা ঘটেছে ৩৫টি। দুটি ঘটনায় বসতবাড়িতে হামলার তথ্যও পাওয়া গেছে। একই সময়ে অভ্যন্তরীণ কোন্দল ও প্রতিশোধমূলক হামলায় বিএনপির চারজন এবং আওয়ামী লীগের একজন নিহত হয়েছেন।

এ পরিস্থিতিতে এমএসএফ বলছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলেই তাকে শাস্তি দেওয়ার অধিকার জনতার নেই। অভিযোগের সত্যতা যাচাই এবং বিচার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

মানবাধিকার সংস্থা অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান গণপিটুনির পেছনে ফৌজদারি বিচারব্যবস্থার দুর্বলতা ও বিচারপ্রক্রিয়ার প্রতি মানুষের আস্থাহীনতাকে দায়ী করেছেন। তাঁর মতে, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থার স্থবিরতার সুযোগে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। বিচারহীনতা ও দায়মুক্তির সংস্কৃতি এ প্রবণতাকে আরও উৎসাহিত করছে।

তিনি বলেন, গণপিটুনিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানোও প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts