নিউজ প্রবাসী ডেস্ক

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন।

সকাল ১১টায় বোর্ডের সভাকক্ষে শুরু হওয়া বৈঠকে শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা হয়। সভা শেষে বোর্ডের সদস্যরা শ্রমিকপক্ষের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা প্রস্তাবিত মজুরি কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরেন। প্রস্তাবটি পর্যালোচনা করে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া এবং তা কার্যকরের সম্ভাব্য সময় নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে উভয় পক্ষের প্রতিনিধিরা একমত হন। সুপারিশ অনুমোদিত হলে আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামোয় বেতন পাওয়ার কথা রয়েছে শ্রমিকদের।

প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী বৈঠকে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts