নিউজ প্রবাসী ডেস্ক :
দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ১৭৩ জনে।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৭ জনে। এর মধ্যে শুধু নভেম্বরের প্রথম কয়েক দিনে প্রাণ হারিয়েছেন ৪৭ জন। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বাধিক ১ হাজার ৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৭৭ জন, চট্টগ্রামে ২৬৫, বরিশালে ২৪৩, রাজশাহীতে ১৮৮, ময়মনসিংহে ১১১, রংপুরে ৮৩ এবং সিলেট বিভাগে ১৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৫২ হাজার ১৭৩ জনের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১১৪ জন।