নিউজ প্রবাসী ডেক্স:
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন মিরপুর বিভাগে। এ বিভাগ থেকে ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৩০ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ২২ জন এবং গোয়েন্দা বিভাগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গানপাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ এবং ১৭টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ।
এ ছাড়া ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি বাস, পাঁচটি মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।