নিউজ প্রবাসী ডেক্স:
মিয়ানমারের চলমান মানবাধিকার পরিস্থিতি এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংকট সরেজমিনে পর্যবেক্ষণে সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি। বুধবার (১১ নভেম্বর) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তাঁর এ সফর চলবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি, দেশটির অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক অবস্থা পর্যালোচনা করবেন কেলি ই. কারি। একই সঙ্গে এসব সংকটের সমাধান ও মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখবেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির জান্তা সরকার জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাঁর সফরের ব্যবস্থা করতে তারা প্রস্তুত নয়। এ কারণে মিয়ানমারে প্রবেশ করতে না পেরে দেশটির পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটের প্রভাব মূল্যায়নে বাংলাদেশ সফর করছেন তিনি।
বাংলাদেশে অবস্থানকালে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি এবং নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন জাতিসংঘের এই প্রতিনিধি। ঢাকায় একাধিক বৈঠকের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে তাঁর।
১৮ নভেম্বর সফর শেষে সংবাদ সম্মেলনে নিজের পর্যবেক্ষণ ও প্রাথমিক মূল্যায়ন তুলে ধরবেন কেলি ই. কারি। আগামী ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তাঁর পরবর্তী প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে।