আন্তর্জাতিক ডেস্ক:
উচ্চশিক্ষায় মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে সুদমুক্ত ও শরিয়াহসম্মত শিক্ষাঋণ চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফিন্যান্স’ (এএসএফ) নামের বিকল্প অর্থায়ন ব্যবস্থাটি চালু হওয়ার কথা রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের মঙ্গলবারের (১০ নভেম্বর) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসলামি বিধান অনুযায়ী সুদের লেনদেন নিষিদ্ধ হওয়ায় যুক্তরাজ্যের অনেক মুসলিম শিক্ষার্থী প্রচলিত সুদভিত্তিক শিক্ষাঋণ নিতে অনাগ্রহী। তাঁদের জন্য উচ্চশিক্ষার অর্থায়ন সহজ করতেই নতুন এ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
প্রস্তাবিত স্কিমটি ইসলামি অর্থনীতির ‘তাকাফুল’ বা পারস্পরিক সহযোগিতার নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হবে। এতে প্রচলিত ঋণের মতো সুদ পরিশোধের পরিবর্তে শিক্ষার্থীরা নির্ধারিত অর্থ অবদান হিসেবে জমা দেবেন। সেই অর্থ আলাদা তহবিলে সংরক্ষণ করা হবে এবং পরবর্তী সময়ে অন্য শরিয়াহসম্মত শিক্ষার্থীদের অর্থায়নে ব্যবহার করা হবে।
ইতোমধ্যে ইউনিভার্সিটি অব ব্রিস্টল, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সিটি সেন্ট জর্জ, নিউক্যাসেল বিশ্ববিদ্যালয় এবং ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় এ বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করেছে। ব্রিস্টল ও লিডস বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই সুবিধাটি কার্যকর হতে পারে।
এ প্রকল্পের কাঠামো তৈরির জন্য যুক্তরাজ্যের শিক্ষা বিভাগ ইসলামিক ফিন্যান্স কাউন্সিল ইউকেকে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি সরকারি অর্থ দিয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শরিয়াহভিত্তিক শিক্ষাঋণ চালুর উদ্যোগ হিসেবে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচনা করা হচ্ছে।
তবে এ উদ্যোগ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। রিফর্ম পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান স্কিমটির বিরোধিতা করে একে ‘দুই স্তরের শিক্ষা ব্যবস্থা’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর দাবি, শিক্ষার্থীরা ঋণের অর্থ পুরোপুরি পরিশোধ করতে ব্যর্থ হলে সেই আর্থিক ঘাটতির দায় শেষ পর্যন্ত করদাতাদের ওপর পড়তে পারে।
যুক্তরাজ্যের সরকারি পূর্বাভাস অনুযায়ী, দেশটিতে প্রায় অর্ধেক শিক্ষাঋণ শেষ পর্যন্ত পুরোপুরি আদায় হয় না। এ কারণে নতুন ব্যবস্থায় করদাতাদের আর্থিক ঝুঁকি বাড়তে পারে বলে সমালোচকদের আশঙ্কা।
অন্যদিকে, মুসলিম শিক্ষার্থীদের মধ্যে প্রচলিত সুদভিত্তিক ঋণ নিয়ে অনীহা রয়েছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ৩৯ হাজার মুসলিম শিক্ষার্থীর ৮০ শতাংশ সুদি ঋণ নিয়ে মানসিক অস্বস্তিতে ভোগেন এবং ৭১ শতাংশ মনে করেন, প্রচলিত শিক্ষা অর্থায়নব্যবস্থা তাঁদের অধিকার সীমিত করছে।
যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের এক মুখপাত্র অবশ্য বিশেষ ধর্মীয় সুবিধা দেওয়ার অভিযোগ নাকচ করেছেন। তাঁর বক্তব্য, প্রচলিত ঋণ ও শরিয়াহভিত্তিক অর্থায়ন—উভয় ব্যবস্থার গ্রহীতাদের সমপরিমাণ অর্থ ও কিস্তি পরিশোধ করতে হবে। নতুন এই উদ্যোগের ফলে ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো শিক্ষার্থী যেন উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই সরকারের লক্ষ্য।