আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশের একটি দলের ওপর সন্ত্রাসী হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও উপপরিদর্শকসহ (এসআই) অন্তত ১১ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হামলাকারীরা পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বুধবার (১১ নভেম্বর) কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান জেব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কোহাটের গামবাত এলাকায় অবৈধভাবে সোনা উত্তোলন বন্ধে অভিযান চালাতে যাচ্ছিল পুলিশের একটি দল। পথে কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা।
প্রাথমিক তথ্যে জানা গেছে, পাহাড়ের ওপর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গামবাতের ডিএসপি হায়দার জামান ও এসআই মুখতিয়ার রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র।
হামলার পর পুলিশfcc সদস্যদের সঙ্গে হামলাকারীদের ব্যাপক গোলাগুলি হয়। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামলার পর গামবাত তহসিলসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য কোহাট জেলা সদর হাসপাতাল টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।