নিউজ প্রবাসী ডেক্স:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে ককটেল বিস্ফোরণ এবং রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের কাছে গ্রেনেড উদ্ধারের ঘটনায় দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শাহজালালসহ দেশের প্রতিটি বিমানবন্দর ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং ২৪ ঘণ্টা টহল অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১০ নভেম্বর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের প্রবেশপথের পাশে ফুলগাছের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় বিমানবন্দর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টার দিকে এক পথচারী বিমানবন্দরের ফটকের বাঁ পাশে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে জানান। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান ফটক বন্ধ করে দেন। যাত্রীদের চলাচলের জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়।
পরে গ্রেনেড সদৃশ বস্তু দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেন। তবে বস্তু দুটি কারা এবং কখন সেখানে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া আরও চারটি স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার জানান, উড়ালসেতু থেকে দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে। এতে কেউ হতাহত হননি।
একের পর এক এসব ঘটনায় বিমানবন্দরকেন্দ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় বিমানবন্দরের আশপাশে কোনো ধরনের নাশকতা দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ পরিস্থিতিতে বেবিচকের সদর দপ্তর থেকে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিক আন্দোলনের পাশাপাশি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনায় নিয়ে সতর্কতা জোরদার করা হয়েছে। বিমানবন্দর ও আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা টহল এবং কঠোর নজরদারি নিশ্চিত করতে বলা হয়েছে।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল জানান, শাহজালাল বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণ এবং রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের বাইরে গ্রেনেড উদ্ধারের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শাহজালালের ঘটনার পর সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে বিমানবন্দরের বহিরাংশে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিমানবন্দরের বাইরের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন ও থানা পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। বর্তমানে এসব এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি চলছে। রাজশাহীতে গ্রেনেড উদ্ধারের স্থানটি বিমানবন্দরের সীমানার বাইরে হলেও সেখানে পুলিশের টহল বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
আসিফ ইকবাল আরও বলেন, বিমানবন্দর গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হিসেবে বিবেচিত। নিরাপত্তা পরিস্থিতির অবনতি কিংবা কোনো আন্দোলনের আশঙ্কা দেখা দিলে নিয়মিত নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ক্রাইসিস রেসপন্স টিমও প্রস্তুত রয়েছে। বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন।
তবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দরের সীমানার বাইরে কোনো হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটলেও আন্তর্জাতিক অঙ্গনে এর নেতিবাচক বার্তা যেতে পারে। তাই শুধু বিমানবন্দরের ভেতর নয়, আশপাশের এলাকাও নিরাপত্তার আওতায় রাখা জরুরি।
এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, বিমানবন্দরের বাইরে কোনো ঘটনা ঘটলেও সেটির প্রভাব পুরো স্থাপনার ওপর পড়তে পারে। দেশের ভাবমূর্তি রক্ষায় বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি বাইরের এলাকাও সুরক্ষিত রাখা প্রয়োজন।
আরেক বিশেষজ্ঞ কাজী ওয়াদেুল আলমের মতে, বিমানবন্দরকেন্দ্রিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যেন কোনো নেতিবাচক বার্তা না যায়, সে জন্য বেবিচককে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।