নিউজ প্রবাসী ডেক্স:
দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে পাইলট প্রকল্প বাস্তবায়নের পর এ নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। এতে দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম করিডোরে দ্রুত ও পরিবেশবান্ধব রেল যোগাযোগ গড়ে তোলার সম্ভাবনা তৈরি হবে।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথকে বেছে নেওয়া হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে বড় অংশের অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় পরিসরে নির্মাণকাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
পাইলট প্রকল্পের আওতায় এ রেলপথে চলাচলের জন্য ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। প্রতিটি ট্রেনের দুই প্রান্তে চালকের কক্ষ থাকবে। ফলে চলার দিক পরিবর্তনের জন্য ট্রেন ঘোরানোর প্রয়োজন হবে না। এতে নির্দিষ্ট বিরতিতে নিয়মিত ট্রেন পরিচালনা সহজ হবে।
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, পরবর্তী সময়ে বৈদ্যুতিক ট্রেন সেবা চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণ করা হবে। প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ দেশের যাত্রী ও পণ্য পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর। এটি রাজধানীকে প্রধান সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে। এ পথে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহণে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে। পাশাপাশি যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমবে।
বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকা রুটে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ কনটেইনার পরিবহণ করা হয়, যা মোট কনটেইনার পরিবহণের প্রায় তিন শতাংশ। ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের মাধ্যমে রেলপথে বছরে কনটেইনার পরিবহণের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, বৈদ্যুতিক ট্রেন চালু ও ভবিষ্যতে এ সেবা সম্প্রসারণের উপযোগী অবকাঠামো গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নকাজ চলছে। ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণ ইতোমধ্যে শেষ হয়েছে। এ ছাড়া জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে।
অন্যদিকে, টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রুটের বিদ্যমান মিটারগেজ লাইনগুলো ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তরের কাজ চলছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করাই এসব উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
রেলওয়ে কর্মকর্তাদের মতে, ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর তুলনায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন বাস্তবায়ন তুলনামূলকভাবে সহজ ও সাশ্রয়ী হতে পারে। রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক দেড় লাখ কোটি থেকে আড়াই লাখ কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। পাশাপাশি জমি অধিগ্রহণ এবং ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণও বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, নির্মাণ ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা রেল যোগাযোগ আধুনিকায়নের ক্ষেত্রে অধিক বাস্তবসম্মত। এ ব্যবস্থা চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতাও হ্রাস পাবে।
বাংলাদেশ রেলওয়ে নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল এবং কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও বিবেচনায় রয়েছে।
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর পাইলট প্রকল্পকে বৃহত্তর বৈদ্যুতিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার ভিত্তি হিসেবে দেখছে সরকার। পরবর্তী ধাপে চট্টগ্রাম পর্যন্ত এ সেবা বিস্তৃত করা গেলে যাত্রী ও পণ্য পরিবহণে গতি বাড়ার পাশাপাশি রেলওয়ের পরিচালন দক্ষতা এবং পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পথ সুগম হবে।