নিউজ প্রবাসী ডেস্ক:
সরকারি সংস্থাগুলোর জন্য মোবাইল ফোন থেকে তথ্য সংগ্রহ ও নজরদারির প্রযুক্তি কেনার পথ সহজ করতে ইসরায়েলি প্রতিষ্ঠান সেলিব্রাইটসহ বিদেশি প্রযুক্তি সরবরাহকারীদের ক্ষেত্রে ক্রয়নীতিতে বিশেষ ছাড় দিয়েছে ভারত। এ সিদ্ধান্তের পর দেশটিতে ব্যক্তিগত গোপনীয়তা, ডিজিটাল অধিকার ও সরকারি নজরদারির পরিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী ও বিশেষজ্ঞরা।
আলজাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল অধিকারবিষয়ক সংগঠন ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের (আইএফএফ) অনুসন্ধানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বাক্ষর করা একটি নথির তথ্য উঠে এসেছে। এতে ‘মেক ইন ইন্ডিয়া’ ক্রয়নীতির আওতার বাইরে অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তিপণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। এসব পণ্যের মধ্যে ইসরায়েলি প্রতিষ্ঠান সেলিব্রাইটের তৈরি ফরেনসিক প্রযুক্তিও রয়েছে।
ভারতের প্রচলিত ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিতে সরকারি ক্রয়ের ক্ষেত্রে যোগ্য দেশীয় উৎপাদকদের অগ্রাধিকার দেওয়ার বিধান রয়েছে। তবে সংশ্লিষ্ট মন্ত্রীর অনুমোদনে এ নীতিতে ছাড় দেওয়ার সুযোগ আছে। আইএফএফের পর্যালোচনা অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ফলে সরকারি ফরেনসিক প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশি প্রযুক্তি কেনার পথ উন্মুক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু কেন্দ্রীয় সরকার বা বিজেপিশাসিত রাজ্য নয়, কংগ্রেসশাসিত হিমাচল প্রদেশ, কেরালা ও কর্ণাটকেও ফোন থেকে তথ্য সংগ্রহ ও ক্লোনিংয়ের সরঞ্জাম কেনা হয়েছে।
ফোনের তথ্য ছাড়াও ক্লাউডে প্রবেশের সক্ষমতা
নথি ও দরপত্রের তথ্য অনুযায়ী, এসব প্রযুক্তির সক্ষমতা কেবল মোবাইল ফোনের পাসওয়ার্ড ভেঙে তথ্য উদ্ধারের মধ্যে সীমাবদ্ধ নয়। কিছু সফটওয়্যার জব্দ করা ডিভাইস থেকে পাওয়া লগইন টোকেন ব্যবহার করে ইনস্টাগ্রাম, এক্স, টিন্ডারসহ শতাধিক ক্লাউডভিত্তিক সেবায় প্রবেশ করতে পারে। পাশাপাশি অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মতো সংযুক্ত ডিভাইস থেকেও তথ্য সংগ্রহের সক্ষমতা চাওয়া হয়েছে।
আইএফএফের শনাক্ত করা ৪২২টি পণ্যের মধ্যে ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিক বিভাগের ১১৮টি পণ্য রয়েছে। এর মধ্যে সেলিব্রাইটের পাথফাইন্ডার, ইনসাইটস অন-প্রেম প্রো এবং ইনসাইটস অফলাইন উল্লেখযোগ্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ জানুয়ারির একটি চিঠিতে জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) প্রায় পাঁচ কোটি রুপি ব্যয়ে তিন বছরের লাইসেন্সে সেলিব্রাইটের ‘প্রিমিয়াম টুল’ কেনার অনুমতি দেওয়ার তথ্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠানের জন্য ক্রয়-অনুমোদন দেওয়া মানেই সংশ্লিষ্ট সংস্থা পণ্যটি কিনেছে—এমন নয় বলে প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে।
সাংবাদিকদের ফোনের তথ্য মুছে ফেলার অভিযোগ
নজরদারি প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগের উদাহরণ হিসেবে প্রতিবেদনে ইউটিউবার ধ্রুব রাঠি ও সাংবাদিক মোহাম্মদ আসলাম হুসেনের অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে।
ধ্রুব রাঠি দাবি করেছেন, দিল্লি পুলিশ তাঁকে আটক করার পর তাঁর আইফোন ক্লোন করার চেষ্টা করে থাকতে পারে। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।
অন্যদিকে, সংবাদমাধ্যম সিয়াসাত ডেইলির প্রতিবেদক মোহাম্মদ আসলাম হুসেন জানান, গত ১০ অক্টোবর নয়াদিল্লিতে তাঁকে ও তাঁর এক ক্যামেরাপারসনকে আটক করা হয়। এ সময় তাঁর ফোন জব্দ করা হয়েছিল। পরে ফোন ফেরত পাওয়ার পর তিনি দেখতে পান, তাঁদের ধারণ করা সংবাদসংক্রান্ত ফুটেজ মুছে ফেলা হয়েছে। তবে ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করে ফোনের তথ্য মুছে ফেলা হয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
এর আগে ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল, ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরেনসিক পরীক্ষায় কয়েকজন সাংবাদিকের ফোনে পেগাসাসের উপস্থিতির বিষয়টিও উঠে আসে। তবে ভারত সরকার বরাবরই অননুমোদিত নজরদারির অভিযোগ অস্বীকার করে আসছে।
আইনি সুরক্ষা নিয়ে প্রশ্ন
ডিজিটাল অধিকারকর্মীদের অভিযোগ, ভারতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা ফোন জোরপূর্বক আনলক করা, সম্পূর্ণ তথ্য সংগ্রহ কিংবা ক্লাউড অ্যাকাউন্টে প্রবেশের বিষয়গুলো নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট আইন ও কার্যকর প্রোটোকলের ঘাটতি রয়েছে।
২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে ব্যক্তিগত গোপনীয়তাকে সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে। ওই রায়ে বলা হয়, গোপনীয়তায় রাষ্ট্রের হস্তক্ষেপের পেছনে আইনি ভিত্তি ও বৈধ উদ্দেশ্য থাকতে হবে এবং পদক্ষেপটি সেই উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডিজিটাল অধিকার বিশেষজ্ঞ বৃন্দা ভান্ডারি আলজাজিরাকে বলেন, ভারতের নজরদারি সক্ষমতা ক্রমেই বিস্তৃত ও গভীর হচ্ছে। তাঁর মতে, কার্যকর তদারকির অভাবে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করার পরিবর্তে ব্যাপক নজরদারি চালানো সহজ হয়ে উঠছে।
ভান্ডারি আরও বলেন, যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশে সংসদীয় বা বিচারিক তদারকির ব্যবস্থা থাকলেও ভারতে মূলত নির্বাহী বিভাগের অভ্যন্তরীণ পর্যালোচনার ওপর নির্ভর করতে হয়। এতে নজরদারির অপব্যবহার ঠেকানোর সুরক্ষা দুর্বল হয়ে পড়ছে।
আলজাজিরা এ বিষয়ে এনআইএ, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কয়েকটি রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো পক্ষের বক্তব্য পায়নি।