নিউজ প্রবাসী ডেক্স:

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাড়তি ব্যয়ের চাপ কমাতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যে সরকারের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৬৬টি ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে। সে হিসাবে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এলাকাভিত্তিক বরাদ্দ অনুযায়ী, ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকে ৩০ মেট্রিক টন, সাভারে আটটি ট্রাকে ৪০ মেট্রিক টন, ধামরাইয়ে দুটি ট্রাকে ১০ মেট্রিক টন, গাজীপুরে ৩০টি ট্রাকে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।

প্রতি শুক্রবার দুই ধাপে চাল বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম ধাপে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দ্বিতীয় ধাপে দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল সংগ্রহ করা যাবে। তবে চালের মজুদ থাকা সাপেক্ষে বিক্রি কার্যক্রম পরিচালিত হবে।

সুবিধা পেতে শ্রমিকদের নিজ নিজ কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর করে চাল সংগ্রহ করতে হবে। প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে এ সুবিধা পৌঁছে দিতে যাচাই-বাছাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দল গঠন করা হয়েছে। প্রতিটি বিক্রয়কেন্দ্রে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

কর্মসূচির প্রথম দিনেই নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোতে শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, কম দামে চাল কেনার সুযোগ তৈরি পোশাকশ্রমিকদের সংসারের খাদ্য ব্যয়ের চাপ কিছুটা হলেও কমাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts