বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি এ দেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বঙ্গভবনে চার দেশের নবনিযুক্ত অনাবাসিক কূটনীতিকেরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এসব আহ্বান জানান।

নবনিযুক্ত কূটনীতিকেরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁদের গার্ড অব অনার দেয়। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত ও পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সেবা আমদানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক সাশ্রয়ী দামে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন করে রপ্তানি করছে। এসব পণ্যের বাজার সম্প্রসারণে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা চান তিনি। পাশাপাশি বাংলাদেশি ওষুধের বাজার প্রবেশ সহজ করতে প্রয়োজনীয় ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়া সরল করার আহ্বান জানান।

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য চার দেশকে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে বাংলাদেশি দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগ বাড়াতে স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে, গিনি ও ঘানাকে বাংলাদেশের দক্ষ কৃষক ও কৃষিবিজ্ঞানীদের নিয়োগের মাধ্যমে কৃষি খাতের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রস্তাব দেন।

স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত টমাস মেন্সিনের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও গবেষকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। একই সঙ্গে মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি অবিরি-ডানসোর সঙ্গে বৈঠকে কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বস্ত্র খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন রাষ্ট্রপতি। এ সময় ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

গিনির অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে তাঁর দেশের ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এ উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি গিনির অনুরোধের পরিপ্রেক্ষিতে বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, ডাইং ও প্রিন্টিং খাতে কারিগরি সহায়তার আশ্বাস দেন।

এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সঙ্গে আলোচনায় দেশটির ডিজিটাল গভর্ন্যান্সে অগ্রগতির প্রশংসা করেন রাষ্ট্রপতি। আইসিটি, ডিজিটালাইজেশন, স্টার্টআপ ও ফিনটেক খাতে এস্তোনিয়ার অভিজ্ঞতা থেকে বাংলাদেশের উপকৃত হওয়ার আগ্রহের কথা জানান। একই সঙ্গে বাংলাদেশের আইসিটি, ওষুধ ও ডিজিটাল খাতে দেশটির বিনিয়োগ কামনা করেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতি নবনিযুক্ত কূটনীতিকদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাঁদের মেয়াদে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts