রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের আগেই যানবাহন থেকে অননুমোদিত সরঞ্জাম সরিয়ে নেওয়ার জন্য মালিক ও চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমতি ছাড়া হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট লাগানো এবং ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে। বিঘ্নিত হচ্ছে সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনাও।
এ ধরনের অতিরিক্ত শব্দ নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীতে অনুমোদনহীন হর্ন, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন কিংবা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এ সময়ের পর এসব সরঞ্জাম ব্যবহার করা হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। অভিযান বাস্তবায়নে যানবাহনের মালিক, চালক ও নগরবাসীর সহযোগিতা চেয়েছে সংস্থা