নিউজ প্রবাসী ডেক্স :
ব্যবসা পরিচালনার বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের কারণে ব্যয় বাড়লেও এর বোঝা শ্রমিকদের ওপর চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তাঁর মতে, দুর্নীতি ও সুশাসনের ঘাটতির কারণে সৃষ্ট অতিরিক্ত ব্যয় শ্রমিকদের ন্যায্য মজুরি কমিয়ে পূরণ করার চেষ্টা বন্ধ করতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ব্যবসা পরিচালনার বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের কারণে উদ্যোক্তাদের অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। কিন্তু সেই ব্যয়ের দায় শ্রমিকদের কম মজুরি দিয়ে মেটানো উচিত নয়। দুর্নীতি ও সুশাসনের অভাব নিয়ে যারা কথা বলছেন, তাঁদেরও রাজনৈতিক নেতৃত্বের কাছে জবাবদিহি নিশ্চিতের দাবি জানাতে হবে।
পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, মজুরি-সংক্রান্ত বিষয় শ্রম মন্ত্রণালয়ের দেখার কথা থাকলেও এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে দেখা যাচ্ছে। এমনকি সংসদীয় স্থায়ী কমিটিতে মজুরি নিয়ে আলোচনা হয়েছে কি না, সে বিষয়েও তাঁদের কাছে স্পষ্ট তথ্য নেই।
সময়মতো মজুরি বোর্ড গঠন না করাকে সরকারের রাজনৈতিকভাবে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে একই সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যায়নি।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে দেবপ্রিয় বলেন, বর্তমানে অর্থনীতিতে নিম্নচাপ বিরাজ করছে। উদ্যোক্তারা নানা সমস্যার মুখে রয়েছেন। কিন্তু সরকারের আচরণ ও সংসদের কার্যক্রমে অর্থনীতির এই সংকটের যথাযথ প্রতিফলন নেই। অর্থনৈতিক ও শ্রমসংক্রান্ত বিষয়গুলো ক্রমে আইনশৃঙ্খলার ইস্যুতে পরিণত হচ্ছে, পরে সেগুলো রাজনৈতিক রূপ নিচ্ছে।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। ২০০৯ সালের জনঅর্থায়ন ও বাজেট ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রতি তিন মাস অন্তর সরকারের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেওয়ার বিধান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাজেট ঘোষণার পাঁচ মাস পেরিয়ে গেলেও অর্থমন্ত্রী এখনো এ ধরনের বিবৃতি দেননি।
তাঁর মতে, বিনিয়োগ, বাণিজ্য ও বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সংসদে নিয়মিত তথ্য উপস্থাপন করা হলে অর্থনৈতিক সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হতো। পাশাপাশি দুর্নীতি দমন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নেও অগ্রগতি আসত।
বিদেশি ক্রেতাদের সঙ্গে দর-কষাকষির ক্ষেত্রেও সংস্কার ঘাটতির প্রভাব পড়ছে বলে মনে করেন দেবপ্রিয়। তিনি বলেন, বাংলাদেশের দুর্বল অবকাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনার সমস্যার দায় বিদেশি ক্রেতারা নিতে আগ্রহী নন। এসব বাধা দূর করতে প্রয়োজনীয় সংস্কার জরুরি।
তৈরি পোশাকশিল্পের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে রপ্তানি খাতে বৈচিত্র্য আনার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর বক্তব্য, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য পাওয়া অতিরিক্ত তিন বছর কাজে লাগিয়ে শিল্পের বহুমুখীকরণ করতে হবে। দেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ একটি খাতের ওপর নির্ভরশীল থাকা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ।
ছোট ও মাঝারি কারখানার টিকে থাকার স্বার্থে শ্রমিকদের মজুরি বাড়ানো কঠিন—এমন যুক্তির সমালোচনা করে দেবপ্রিয় বলেন, দুর্নীতি ও সুশাসনের অভাবে ব্যবসার ব্যয় বাড়লে তার দায় শ্রমিকদের বহন করার কথা নয়। ন্যায্য মজুরি না দেওয়া এ সমস্যার কোনো সমাধান হতে পারে না।
সংবাদ সম্মেলনে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা বিভাগের প্রধান তৌফিকুল ইসলাম খানসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।