নিউজ প্রবাী ডেক্স :
চট্টগ্রামে খাবার খেতে ক্যান্টিনে প্রবেশের মাত্র কয়েক মিনিটের মধ্যে হালিশহর থানা পুলিশের একটি টহল পিকআপ উধাও হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে গাড়ির দরজা খুলে সেটি চালিয়ে নিয়ে যান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশে পুনাক ক্যান্টিনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, হালিশহর থানা পুলিশের একটি টহল দল সড়কের পাশের ওই ক্যান্টিনে দুপুরের খাবার খেতে যায়। প্রায় ১০ মিনিট পর খাবার শেষে বাইরে এসে সদস্যরা দেখতে পান, তাঁদের ব্যবহৃত পিকআপটি সেখানে নেই।
তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, পুলিশ সদস্যরা ক্যান্টিনে প্রবেশ করার পরপরই এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে গাড়ির দরজা খোলেন। এরপর তিনি চালকের আসনে বসে পিকআপটি নিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল ও একজন চালক ওই টহল দলে ছিলেন। তাঁরা জেলা পুলিশ লাইন্সের গেটসংলগ্ন পুনাক ক্যান্টিনে খাবার খেতে গিয়েছিলেন।
ঘটনার পর পিকআপটি উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করেছে।