আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই পক্ষ। বিশেষ গুরুত্ব পায় সামরিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি।
এ সময় সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনাপ্রধান উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে দুই দেশের মতবিরোধের কারণে তাদের মধ্যকার আলোচনা স্থবির হয়ে রয়েছে।
অন্যদিকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যেও উত্তেজনা বাড়ছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজ ও মার্কিন সেন্টকম প্রধানের এই বৈঠককে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা এবং দুই দেশের সামরিক সহযোগিতার দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।