স্পোর্টস ডেস্ক :
জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে জয়ের পথে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১০০ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড থাকায় এখনো ৫৭ রানে পিছিয়ে সফরকারীরা।
দিনের শেষদিকে তাওহীদ হৃদয়ের উইকেট হারানোর পর স্বস্তি ফিরে আসে দক্ষিণ আফ্রিকা শিবিরে। বাংলাদেশের এই ব্যাটারকে ফেরানোকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন প্রোটিয়া পেসার ড্যান প্যাটারসন।
২৩ বলে ২৩ রান করে কাগিসো রাবাদার বলে আউট হন হৃদয়। তাঁর বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দিন শেষে সংবাদ সম্মেলনে প্যাটারসন জানান, হৃদয়ের উইকেটটি তাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছিল।
তিনি বলেন, রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদা দলকে ভালো সুযোগ তৈরি করে দিয়েছেন। হৃদয় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিলেন। তাই তাঁকে আউট করতে পারা দলের জন্য বড় বিষয়। এই উইকেটের গুরুত্ব সম্পর্কে সবাই জানতেন বলেই পুরো দল উল্লাস করেছে।
তবে বাংলাদেশের ইনিংসে এখনো লিটন দাস ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ব্যাটার অপরাজিত রয়েছেন। পাশাপাশি ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজও। ফলে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সুযোগ এখনো বাংলাদেশের সামনে রয়েছে।
প্যাটারসন মনে করেন, শেষ দিনে ধৈর্য ধরে বোলিং চালিয়ে যেতে হবে। তাঁর ভাষ্য, বোলিং ইউনিট হিসেবে তারা চতুর্থ দিনে অনেক পরিশ্রম করেছেন। আশা করছেন, পরদিন সকালে সেই পরিশ্রমের ফল পাওয়া যাবে।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন হৃদয়। তাঁকে আউট করার পাশাপাশি নিজের পাঁচ উইকেট শিকার নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন প্যাটারসন। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে হৃদয়ের প্রশংসা করে তিনি বলেন, তাঁকে ফেরানো এবং পাঁচ উইকেট পাওয়া দক্ষিণ আফ্রিকার জন্য ইতিবাচক অর্জন।