নিউজ প্রবাসী ডেক্স:

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না। বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ নির্দেশ দিয়েছেন।

বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেওয়ার পাশাপাশি একটি রুল জারি করেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজন না করার নির্দেশও দেওয়া হয়েছে।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

তবে পুনরায় পরীক্ষার ফল প্রকাশ হতে হতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারানোর আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts