আন্তর্জাতিক ডেস্ক:

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় রায় পাঠ শুরু হওয়ার কথা। পুরো রায় ঘোষণা করতে প্রায় ৯০ মিনিট সময় লাগতে পারে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী ঘোষণা করতে পারে আইসিজে। আদালতের রায় চূড়ান্ত; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নে আদালতের সরাসরি ক্ষমতা সীমিত। মিয়ানমার রায় না মানলে মামলাকারী দেশ গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চাইতে পারে।

পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মামলাটি দায়ের করে। দেশটির অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

মিয়ানমারের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার। অভিযানে হত্যাকাণ্ড, গণধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার বিবরণ দিয়েছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা। জাতিসংঘের একটি অনুসন্ধানী দলও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা জানিয়েছিল।

তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে বৈধভাবেই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল। রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল—এমন সরাসরি প্রমাণও নেই বলে দাবি করেছে তারা।

১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ড গণহত্যা হিসেবে বিবেচিত হয়।

এর আগে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী ঘোষণা করেনি আইসিজে। ২০০৭ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় ১৯৯৫ সালের হত্যাকাণ্ড প্রতিরোধে ব্যর্থতার জন্য সার্বিয়াকে দায়ী করেছিল আদালত। ওই হত্যাকাণ্ডে ৮ হাজারের বেশি মুসলিম পুরুষ ও কিশোর নিহত হন। তবে সার্বিয়া নিজে গণহত্যা সংঘটিত করেছে বলে রায় দেয়নি আদালত।

রোহিঙ্গা মামলার রায় ভবিষ্যতে দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগের মামলাসহ আন্তর্জাতিক পর্যায়ের অন্যান্য মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে।

আইসিজে রাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে; ব্যক্তিবিশেষের অপরাধের বিচার করার এখতিয়ার এ আদালতের নেই। ব্যক্তির বিরুদ্ধে অপরাধের বিচার করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

গাম্বিয়া আইসিজের কাছে মিয়ানমারকে দায়ীদের বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে। তবে রোহিঙ্গাদের পক্ষে ক্ষতিপূরণ দাবি করার অধিকার গাম্বিয়ার রয়েছে কি না, তা নিয়ে আপত্তি তুলেছে মিয়ানমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts