নিউজ প্রবাসী ডেস্ক:

সাংবাদিকতা ও সংগীত—দুই অঙ্গনেই নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন সঞ্জীব চৌধুরী। ২০০৭ সালের ১৯ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে প্রয়াত হন এই সাংবাদিক ও সংগীতশিল্পী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁর মৃত্যুর ১৯ বছর পূর্ণ হলো।

গান ও কথায় শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া সঞ্জীব রেখে গেছেন অসংখ্য স্মরণীয় সৃষ্টি। ‘বুক জুড়ে এই বেজান শহর’, ‘হা হা শূন্য আকাশ কাঁপাও’সহ তাঁর লেখা ও গাওয়া গান এখনো সংগীতপ্রেমীদের কাছে সমাদৃত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। আশির দশকে সাংবাদিকতা শুরু করে আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন।

সংগীতচর্চার শুরুতে ‘শঙ্খচিল’ নামে একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জীব। পরে ১৯৯৬ সালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড ‘দলছুট’। তাঁদের যৌথ উদ্যোগে প্রকাশিত হয় ব্যান্ডটির চারটি অ্যালবাম—‘আহ্’ (১৯৯৭), ‘হৃদয়পুর’ (২০০০), ‘আকাশচুরি’ (২০০২) ও ‘জোছনা বিহার’ (২০০৭)।

সঞ্জীবের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘বায়স্কোপ’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘আমি তোমাকে বলে দিব’, ‘রিকশা’, ‘কথা বলবো না’, ‘চোখ’, ‘তখন ছিল ভীষণ অন্ধকার’ ও ‘আহ ইয়াসমিন’। বাউল শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘কোন মেস্তরি বানাইয়াছে নাও’ গান দুটি গেয়েও প্রশংসা পেয়েছিলেন তিনি।

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। শৈশবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে ঢাকার বকশীবাজার নবকুমার ইনস্টিটিউটে ভর্তি হন। ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় দ্বাদশ স্থান অর্জন করেন।

তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে আয়োজন করা হয়েছে ‘হেঁটে গেছি বিরান পথে’ শিরোনামের ট্রিবিউট কনসার্ট। সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া এ আয়োজনে সংগীত পরিবেশন করবেন সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। তাঁরা সঞ্জীবের জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts