নিউজ প্রবাসী ডেক্স :

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক কূটনৈতিক ও রাজনৈতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই এ সংকটের একমাত্র স্থায়ী সমাধান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের দশম বছরে ও পরবর্তী সময়ে: নতুন করে করণীয় নির্ধারণ’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর বলেন, মানবিক সহায়তা কোনোভাবেই রাজনৈতিক সমাধানের বিকল্প হতে পারে না। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও উন্নয়নমূলক কর্মকাণ্ডের আড়ালে রাখা যাবে না। রাখাইন রাজ্যে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর উত্থাপিত পাঁচ দফা প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে মিয়ানমারে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, প্রত্যাবাসনের বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরি, বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ, রোহিঙ্গাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠা।

তিনি জানান, মিয়ানমারের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রয়েছে। যাচাইয়ের জন্য দেশটির কাছে আট লাখের বেশি রোহিঙ্গার তথ্যও পাঠানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন বহুপক্ষীয় প্ল্যাটফর্মে রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরছে বাংলাদেশ।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের বিচারের প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান কার্যক্রম ন্যায়বিচার ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরছে। তবে রাখাইনের পরিস্থিতিতে গত দুই বছরে পরিবর্তন এলেও নিরাপদে রোহিঙ্গাদের ফেরার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি।

এদিকে সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। ড. তিতুমীর জানান, ২০১৯ সালে রোহিঙ্গা সংকটের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা ছিল প্রায় ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। ২০২৫ ও ২০২৬ সালে তা কমে বছরে ৫০ কোটি ডলারের নিচে নেমেছে। এ পর্যন্ত প্রায় ৮৩০ কোটি ডলারের প্রয়োজনের বিপরীতে সহায়তা পাওয়া গেছে ৫৫০ কোটি ডলারের কিছু বেশি।

চলতি বছরের যৌথ সাড়াদান পরিকল্পনায় (জেআরপি) ৭১ কোটি ৫ লাখ ডলার সহায়তা চাওয়া হয়েছে। কিন্তু পরিকল্পনাটি প্রকাশের সময়ই এতে ৩৭ শতাংশ অর্থায়নের ঘাটতি ছিল। অর্থায়ন কমে যাওয়ায় খাদ্য, শিক্ষা ও অন্যান্য মৌলিক সেবা ব্যাহত হচ্ছে। কিছু রোহিঙ্গার জন্য মাসিক খাদ্য সহায়তা জনপ্রতি মাত্র সাত ডলারে নেমে এসেছে বলেও জানান তিনি।

ড. তিতুমীর বলেন, বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। ২০২৪ সালের শুরু থেকে নতুন করে এসেছে প্রায় দেড় লাখ। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ায় উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর বন, কৃষিজমি, কর্মসংস্থান, সরকারি সেবা ও অবকাঠামোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি আশ্রয়দাতা এলাকার বাংলাদেশি নাগরিকদের জীবন-জীবিকা সুরক্ষাও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক সুযোগ, কর্মসংস্থান ও সরকারি সেবায় প্রবেশাধিকারকে সংকট মোকাবিলার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে।

রোহিঙ্গাদের শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এসব উদ্যোগকে বাংলাদেশে স্থায়ীভাবে একীভূত হওয়ার প্রস্তুতি হিসেবে নয়, বরং ভবিষ্যতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বিনিয়োগ হিসেবে দেখতে হবে। মিয়ানমারের শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা, স্বীকৃত দক্ষতার সনদ ও কিছু সঞ্চয় থাকলে দেশে ফিরে তরুণরা নিজেদের জীবন পুনর্গঠনে সুবিধা পাবে।

সহায়তা কমিয়ে দিলে প্রত্যাবাসন ত্বরান্বিত হবে না উল্লেখ করে তিনি সতর্ক করেন, এতে শরণার্থীদের দুর্ভোগ বাড়বে এবং তরুণরা মানব পাচার, মাদক নেটওয়ার্ক ও সশস্ত্র গোষ্ঠীর ঝুঁকিতে পড়তে পারে।

গত ১৬ নভেম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সংকটটিকে শুধু মানবিক জরুরি অবস্থা হিসেবে দেখলে মিয়ানমারে দীর্ঘদিনের নিপীড়ন, বৈষম্য ও নৃশংসতার রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট আড়ালে থেকে যায়। রোহিঙ্গাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের পক্ষে কথা বলার পাশাপাশি তাদের বক্তব্যও শুনতে হবে। তাদের অর্থবহ অংশগ্রহণ ছাড়া ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত কার্যকর হবে না।

উন্নয়ন সহযোগীদের প্রতি এক বছরের পরিবর্তে পূর্বানুমানযোগ্য ও বহু বছর মেয়াদি অনুদান দেওয়ার আহ্বান জানিয়ে ড. তিতুমীর বলেন, মিয়ানমারে সৃষ্ট সংকটের আর্থিক দায় বাংলাদেশের ঋণের বোঝা হয়ে দাঁড়ানো উচিত নয়। শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, জীবিকা, পরিবেশ পুনরুদ্ধার ও স্থানীয় অবকাঠামো খাতেও সহায়তা বাড়াতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গা সংকটের দশম বছরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন অঙ্গীকার, আঞ্চলিক সহযোগিতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রগতির মাধ্যমে প্রত্যাবাসনের একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি হবে। খবর: বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts