নিউজ প্রবাসী ডেক্স:

দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে ছাড়া হচ্ছে নতুন নকশার ২০ ও ৫০ টাকা মূল্যমানের নোট। তবে ১০০ টাকার নোটের ক্ষেত্রে নকশা পরিবর্তন না করে আগের ডিজাইনেই ছাপানো নোট বাজারে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। কিন্তু গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নোট পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে নির্ধারিত সময়ে নোট বাজারে সরবরাহ করা যায়নি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী সপ্তাহে পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে নতুন নোট বাজারে ছাড়ার কার্যক্রম শুরু হবে।

নোট ছাপানোর প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ। প্রতিটি নোট প্রস্তুত করতে প্রায় ছয় মাস সময় প্রয়োজন হয়। এ ছাড়া আন্তর্জাতিক উৎস থেকে নোট তৈরির প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় এবার নির্ধারিত সময়ে ছাপার কাজ শেষ করা সম্ভব হয়নি।

নতুন নকশার নোটগুলো বাংলাদেশ ব্যাংকে পৌঁছানোর পর পর্যায়ক্রমে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌঁছাবে। ফলে গ্রাহকেরা ব্যাংক থেকেই নতুন নোট সংগ্রহ করতে পারবেন বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts