নিউজ প্রবাসী ডেস্ক:
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের পাঁচটি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজ পরিদর্শনের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাহাজগুলো উন্মুক্ত রাখা হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত ১৯ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সদরঘাট, চট্টগ্রামের নেভাল বার্থ, মোংলার দিগরাজ নেভাল বার্থ, খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এবং বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো রাখা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থানে গিয়ে সাধারণ দর্শনার্থীরা জাহাজ পরিদর্শন করতে পারবেন।
সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি এবং পরিচিতি বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।