নিউজ প্রবাসী ডেস্ক:

মালয়েশিয়ায় অবস্থানরত ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। পরিকল্পনার আওতায় নির্বাচিত শরণার্থীদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে তুরস্কে কর্মসংস্থানের উপযোগী করে তোলার কথা বলা হয়েছে।

এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশটির উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।

আহমদ জাহিদ জানান, তুরস্কে সাম্প্রতিক সরকারি সফর শেষে তিনি এ প্রস্তাব দেন। পরে মন্ত্রিসভা সেটিতে সম্মতি দিয়েছে। মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি আরও সমন্বিত, কার্যকর ও মানবিকভাবে মোকাবিলার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, রোহিঙ্গারা তুরস্কে তিন থেকে ছয় মাসের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) কর্মসূচিতে অংশ নেবেন। দেশটির বিভিন্ন শিল্পখাতের নিয়োগদাতাদের চাহিদা বিবেচনায় রেখে ব্যবহারিক দক্ষতা শেখানো হবে। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের মাধ্যমে তুরস্কের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন আহমদ জাহিদ। তবে অংশগ্রহণকারীদের তুরস্কের আইন ও বিধিবিধান মেনে চলতে হবে।

তিনি আরও দাবি করেন, এ উদ্যোগ জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এসব নীতিতে শরণার্থীদের নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করে তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে তুরস্কে পাঠানোর জন্য নির্বাচিত রোহিঙ্গারা স্বেচ্ছায় এ কর্মসূচিতে অংশ নেবেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

এদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের নিপীড়ন ও গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আদালত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে মালয়েশিয়া মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠায়। দেশটির কর্তৃপক্ষ এ প্রক্রিয়াকে স্বেচ্ছামূলক কর্মসূচি হিসেবে বর্ণনা করলেও মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, এ ধরনের প্রত্যাবাসন অভিবাসীদের ঝুঁকিতে ফেলতে পারে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে মালয়েশিয়ায় যাওয়া প্রায় ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর মধ্যে দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts