নিউজ প্রবাসী ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ কিংবা দেশটিতে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা দেওয়া হয়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়ের চেয়ে বেশি অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে বহিষ্কার করা হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।

এর আগে গত ৯ নভেম্বর মার্কিন ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছিল দূতাবাস।

সেই বার্তায় জানানো হয়, ভিজিটর ভিসার শর্ত ও নিয়ম যথাযথভাবে মেনে চলার বিষয়ে কনস্যুলার কর্মকর্তা সন্তুষ্ট না হলে ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের।

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ভিসার শর্ত এবং অনুমোদিত অবস্থানের সময়সীমা মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts