নিউজ প্রবাসী ডেস্ক:
সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এ কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য নেবেন। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য আগে থেকেই প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সম্প্রতি অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বাসসের প্রতিবেদনে জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ডকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের এনআইডি এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই, বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ হাতের কাছে রাখতে বলা হয়েছে।
এ ছাড়া কার্ডপ্রাপ্তির জন্য নির্ধারিত নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। পরিবারের সদস্যসংখ্যা, আয়-ব্যয় ও সম্পদের সঠিক বিবরণও প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনে বাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং নির্ধারিত ফরমে স্বাক্ষর অথবা টিপসই দিতে হতে পারে।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে যেসব কাগজপত্র লাগবে:
১. কার্ডগ্রহীতা নারীর জাতীয় পরিচয়পত্রের কপি।
২. পরিবারের অন্যান্য সদস্যের এনআইডির কপি।
৩. ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ।
৪. কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত এমএফএস অ্যাকাউন্টের তথ্য।
৫. পরিবারের আয়, ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক বিবরণ।
৬. বাড়ির ছবি ও কার্ডগ্রহীতা নারীর ছবি।
৭. প্রয়োজন অনুযায়ী স্বাক্ষর অথবা টিপসই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে। কার্ড করে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি অর্থ দাবি করলে তাঁকে টাকা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এ ধরনের প্রতারণামূলক প্রলোভন থেকে সবাইকে সাবধান থাকতে হবে।
তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা এবং কোনো পরিবার যাতে জরিপের বাইরে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।
কর্মসূচির প্রচার ও জনসচেতনতা বাড়াতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সামাজিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতাও চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও এ কাজে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।