নিউজ প্রবাসী ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাস সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ পরে যৌথ বিবৃতিতে খালেদ আবু নাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি হামাস সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি সংগঠনটির অর্থনীতি ও শিক্ষা-সংক্রান্ত কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, দেইর আল-বালাহর একটি আবাসিক ভবনের অ্যাপার্টমেন্টে হামলা চালানো হয়। এতে খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী প্রাণ হারান। তবে হামলার পরপরই ইসরায়েলি সামরিক বাহিনী লক্ষ্যবস্তুর নাম প্রকাশ করেনি। তারা জানিয়েছিল, গাজায় হামাসের একজন জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
পরবর্তী সময়ে নেতানিয়াহু ও কাৎজের যৌথ বিবৃতিতে বলা হয়, হামাসের শীর্ষ পর্যায়ের সদস্য ও কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। গত এক মাসে প্রায় ৮০ জন হামাস সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেন তাঁরা। এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে ইসরায়েলি সরকার।
এদিকে, একই রাতে গাজা সিটির আল-শাতি শরণার্থীশিবিরেও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের দাবি, সেখানে আরও তিনজন নিহত হয়েছেন। দুই এলাকায় পৃথক হামলায় রাতভর অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। তবে আল-শাতি শরণার্থীশিবিরে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হামলা ও প্রাণহানির ঘটনা বন্ধ হয়নি। ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক সময়ে হামাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নিরাপত্তা-সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক অভিযান চালানোর কথা জানিয়েছে। অন্যদিকে, এসব হামলার কারণে গাজার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে বলে অভিযোগ করে আসছে হামাস