নিউজ প্রবাসী ডেস্ক

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে নির্ধারিত দামের পাশাপাশি ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ বার দাম বাড়ানো হয়েছে, ৭৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts