নিউজ প্রবাসী ডেস্ক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমির সীমানার আইল কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো হাঁসুয়ার আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেনের বয়স ৬৯ বছর। অভিযুক্ত ছোট ভাই নবীনুরও একই গ্রামের মৃত জামতুল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে জমির আইল কাটা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নবীনুর ধারালো হাঁসুয়া দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুরকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়দের কাছ থেকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোদাল ও একটি হাঁসুয়া জব্দ করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকেও আটক করা হয়েছে।