নিউজ প্রবাসী ডেস্ক

কুমিল্লার দেবিদ্বারে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে প্রায় এক মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগে সাকিব আহাম্মেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই কিশোরীকেও উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) অভিযুক্ত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সাকিব দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংচর গ্রামের দক্ষিণ পাড়ার মনু মিয়ার ছেলে। উদ্ধার হওয়া কিশোরী মুরাদনগর উপজেলার গান্দ্রা জুলেখা মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। কোতোয়ালি থানার নূরপুর দক্ষিণ পাড়া এলাকার একটি বাড়ির নিচতলা থেকে সাকিবকে আটক করা হয়। একই স্থান থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

কিশোরীর মায়ের করা মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ অক্টোবর সকালে বান্ধবীর সঙ্গে দেখা করতে দেবিদ্বার উপজেলার চাটুলী গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ পাশের সড়কে যায় মেয়েটি। সেখানে আগে থেকে অবস্থান করা সাকিব, তাঁর খালা রেখা বেগম এবং অজ্ঞাতনামা কয়েকজনের সহযোগিতায় তাকে জোরপূর্বক একটি ব্যক্তিগত গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

মেয়ের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে থানায় মামলা দায়ের করেন তার মা। অভিযোগে আরও বলা হয়েছে, অপহরণের পর কিশোরীকে কুমিল্লার একটি ভাড়া বাসায় আটকে রেখে নির্যাতন করা হয়।

মামলায় সাকিব আহাম্মেদ ও তাঁর খালা রেখা বেগমকে আসামি করা হয়েছে। তবে সাকিবের মায়ের দাবি, তাঁর জানা মতে ওই তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়ে করেছিল। বয়স কম হওয়ায় মেয়েটিকে বাড়িতে ফেরানোর চেষ্টা করা হলেও সে রাজি হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, বয়স হলে পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া মেয়েটির চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২২ ধারায় আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার যুবককেও আদালতে পাঠানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts