নিউজ প্রবাসী ডেস্ক
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে জামানতবিহীন ঋণ ও অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়।
প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তাকে এ কর্মসূচির আওতায় বাছাই করা হয়েছে। নির্বাচিত আট জেলা হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। এসব উপজেলার জন্য ঋণ বিতরণ ও কার্যক্রম পরিচালনায় পৃথক লিড ব্যাংকও নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে আট জেলায় মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উপজেলা পর্যায়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখায় আবেদন গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
জেলাভিত্তিক আবেদনের হিসাবে নেত্রকোণা থেকে সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়ে। রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা হয়।
গত ১৩ সেপ্টেম্বর ‘উদ্যোগ’ কর্মসূচির নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ২৮ বছর বয়সী তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য চাষ, পশুপালন, পর্যটন, সেবা খাত, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিনির্ভর স্টার্টআপসহ বিভিন্ন বৈধ ব্যবসায় এ অর্থায়ন পাওয়া যাবে।
কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান হিসেবে দেওয়ার বিধান রয়েছে।
ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে বিতরণের কথা বলা হয়েছে। তবে ঋণের অর্থ যথাযথভাবে পরিশোধ না করলে অনুদানের অর্থও ঋণে রূপান্তরিত হবে। অর্থাৎ অনুদানের সুবিধা বহাল রাখতে উদ্যোক্তাকে ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে।
তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা এবং উপজেলা পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে এ কর্মসূচি ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।