নিউজ প্রবাসী ডেস্ক
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা ও শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষাপ্রতিষ্ঠানের কাঠামোগত পরিবর্তনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যেন দীর্ঘ বিরতি তৈরি না হয়, সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রমে পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা যেন অযথা বসে না থাকে। দীর্ঘ সময় পড়াশোনার বাইরে থাকলে তারা মাদক কিংবা মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়তে পারে। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় পরিকল্পনা ও সমন্বয় ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। কোথাও প্রয়োজনের তুলনায় বেশি প্রতিষ্ঠান হয়েছে, আবার কোথাও শিক্ষাপ্রতিষ্ঠানের ঘাটতি রয়েছে। অতীতের শিক্ষা ব্যবস্থাপনায় এ ধরনের সমন্বয়ের অভাব ছিল।
শিক্ষামন্ত্রী দেশের উচ্চশিক্ষার বিকাশে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
কারিগরি শিক্ষার প্রসঙ্গে তিনি জানান, ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষার ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন বই অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার সঙ্গে যুক্ত করার বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সমন্বয় প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।