নিউজ প্রবাসী ডেস্ক :

ইরাকের তেল চোরাচালান বন্ধ এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগে সরাসরি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাগদাদ সরকারের অবস্থান জোরালো হওয়ার মধ্যেই ওয়াশিংটনের এমন সমর্থন নতুন ভূরাজনৈতিক তাৎপর্য তৈরি করেছে।

আল-জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, ইরাকের তেলক্ষেত্র ও সীমান্ত ক্রসিংগুলোর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে নেওয়ার উদ্যোগের পেছনে রয়েছে অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত নানা হিসাব। বিশেষ করে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা এবং তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থের প্রবাহ বন্ধ করা ওয়াশিংটনের অন্যতম লক্ষ্য।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরাকে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা, তেল পাচার বন্ধ, দুর্নীতি দমন এবং সব ধরনের অস্ত্র সরকারের নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী আলি আল-জায়েদির উদ্যোগকে যুক্তরাষ্ট্র সমর্থন করছে।

বাগদাদ ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের মধ্যে তেল ও সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আগামী ১ ডিসেম্বর বাগদাদ ও এরবিলের মধ্যে আলোচনার আগে ওয়াশিংটনের এমন অবস্থান পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

যেভাবে শুরু হয় চোরাচালানবিরোধী অভিযান

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বাবিল প্রদেশের জুরফ আল-সাখর শহর থেকে অভিযান শুরু করে বাগদাদ। ২০১৪ সালে আইএসের কাছ থেকে শহরটি দখলের পর ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ সেখানে প্রভাব বিস্তার করে।

অভিযোগ রয়েছে, ওই গোষ্ঠীর মাধ্যমে ২০২১ সাল পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পাচার হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা ও তেল খাতের নয়জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে বিচারের আওতায় আনা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে কাতাইব হিজবুল্লাহ।

পরবর্তী সময়ে ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানির হস্তক্ষেপে গোষ্ঠীটি শহর ছেড়ে সরকারি বাহিনীর যৌথ উপস্থিতিতে সম্মত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কুর্দি অঞ্চলের তেল নিয়েও বিরোধ

এরপর ইরাক সরকার কুর্দি অঞ্চলের তেলক্ষেত্র ও সীমান্ত ক্রসিংগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার উদ্যোগ নেয়। বাগদাদের দাবি, ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত কুর্দি অঞ্চল দিয়ে তেল পাচারের কারণে দেশটির প্রায় ১০ হাজার কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

এ পরিস্থিতিতে ইরান ও সিরিয়া সীমান্তের দুটি ক্রসিং বন্ধ করে দেওয়ার পাশাপাশি কুর্দি অঞ্চলের তেলসম্পদের ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এ উদ্যোগকে অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে আলোচনার পথ খোলা রাখার কথাও জানিয়েছেন তিনি।

ইরানের অর্থনীতিতে চাপ বাড়ানোর কৌশল

বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে ইরাকের বিস্তৃত বাণিজ্যিক ও জ্বালানি সম্পর্কের কারণে দেশটি তেহরানের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পথ। ২০২৪ সালে ইরাক প্রায় ১ হাজার ১৯০ কোটি ডলারের ইরানি পণ্য আমদানি করে। এ ছাড়া ইরাকের বিদ্যুৎ উৎপাদনের ৩০ থেকে ৪০ শতাংশ ইরানি গ্যাসের ওপর নির্ভরশীল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ইরাকের কিরকুক ও সুলাইমানিয়াহ অঞ্চল থেকে ট্যাংকারে করে তেল ইরানে নেওয়া হয়। পরে ইরানি ও ইরাকি তেল মিশিয়ে কিংবা ভুয়া কাগজপত্র ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয়। রয়টার্সের এক অনুসন্ধান অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিকে এই চোরাচালান নেটওয়ার্ক থেকে ইরান ও তার মিত্রদের বছরে অন্তত ১০০ কোটি ডলার আয় হচ্ছিল।

যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ইরাকের এই অভিযানকে কার্যকর হাতিয়ার হিসেবে দেখছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, ইরাকের মধ্য দিয়ে নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ ও জ্বালানি বাণিজ্যের সুযোগ বন্ধ করা গেলে তেহরানের অর্থনৈতিক সক্ষমতা এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন বাধাগ্রস্ত হতে পারে।

এ ছাড়া ইরাকের তেল বিক্রির অর্থ নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা থাকার বিষয়টিও বাগদাদের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

অন্যদিকে, ইরাকের কুর্দি স্বায়ত্তশাসন নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের ধারণা, ওয়াশিংটন এখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বিতভাবে তেল ও বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে বেশি আগ্রহী।

নতুন সংঘাতের আশঙ্কা

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকেও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলা এবং পাল্টা মার্কিন সামরিক পদক্ষেপের আশঙ্কা রয়েছে।

যদিও বাগদাদ জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তবে তেলসম্পদের নিয়ন্ত্রণ, কুর্দি স্বায়ত্তশাসন এবং ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে বিরোধ অব্যাহত থাকলে দেশটিতে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে।

সব মিলিয়ে, ইরাকের তেল চোরাচালানবিরোধী অভিযান কেবল অভ্যন্তরীণ দুর্নীতি দমনের উদ্যোগ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখা, আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts