
নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা–দিল্লি সম্পর্ককে নতুন মাত্রায় এগিয়ে নিতে উভয় পক্ষের মধ্যে ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে।
শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের যোগাযোগ আরও সক্রিয় হয়েছে।
তিনি জানান, নির্বাচনে বিএনপির বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানান। পরবর্তীতে লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে মোদীর একটি শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন।
জয়সওয়াল বলেন, ওই বার্তায় একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা জানানো হয়।
ব্রিফিংয়ে ভিসা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা হবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের মধ্যে যোগাযোগ স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা–দিল্লি সম্পর্কে কিছুটা শীতলতা তৈরি হয় এবং এর প্রভাব পড়ে ভিসা ও কনস্যুলার সেবায়। তবে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর সেই অচলাবস্থা কাটতে শুরু করেছে।
সাম্প্রতিক সময়ে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া পুনরায় শুরু করেছে। একই সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষও জানিয়েছে, খুব শিগগিরই সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।
কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আবারও গতি পেতে যাচ্ছে।