
নিউজ প্রবাসী ডেক্স :
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মে মাসের জন্য দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ১ মে থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হবে।
সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকায় বহাল থাকবে।
এর আগে বৈশ্বিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ে দেশীয় বাজারেও। বিশেষ করে ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানিতে চাপ সৃষ্টি হওয়ায় গত ১৮ এপ্রিল এক ধাক্কায় তেলের দাম ১০ শতাংশের বেশি বাড়ানো হয়।
দাম বাড়ানোর পর কিছুদিন তেল সরবরাহে সংকট দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের চাপ কমেছে এবং সরবরাহও স্থিতিশীল হয়েছে।
সরকার বলছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় মাসভিত্তিক সমন্বয়ের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দাম নির্ধারণ করা হবে।