
নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রাম নগরীতে বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরি পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করা শ্রমিকরা প্রায় ছয় ঘণ্টা পর অবস্থান তুলে নিয়েছেন। এতে বিকেলের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যানবাহন চলাচল।
শনিবার সকাল ১১টা থেকে আরাকান সড়কের সিঅ্যান্ডবি মোড়ে অবস্থান নেন আজিম গ্রুপের সোয়েটার কারখানার শ্রমিকরা। তাদের এই কর্মসূচির কারণে বহদ্দারহাট থেকে কালুরঘাটমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং আশপাশের কয়েকটি উপজেলার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শ্রমিকদের অভিযোগ, তাদের দেড় মাসের বেতন ও প্রায় চার মাসের অতিরিক্ত কাজের মজুরি বকেয়া রয়েছে। বারবার তাগাদা দেওয়া হলেও মালিকপক্ষ শুধু আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছিল বলে দাবি করেন তারা। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও নগর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। বিকেলের দিকে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে থানায় বৈঠক শুরু হয়।
চান্দগাঁও থানার ওসি জানান, বিকাল সোয়া ৫টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বৈঠকের মাধ্যমে বকেয়া পরিশোধের বিষয়ে সমাধানের চেষ্টা চলছে।
অন্যদিকে মালিকপক্ষের দাবি, কয়েক মাস ধরে কারখানায় পর্যাপ্ত অর্ডার না থাকায় আর্থিক সংকট তৈরি হয়েছে। তারপরও শ্রমিকদের নিয়মিত বেতন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে ওভারটাইমের বকেয়া পরিশোধে বিলম্ব হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।