নিউজ প্রবাসী ডেস্কঃ
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালত থেকে জামিন পেয়ে বের হওয়ার সময় তীব্র ক্ষোভ ও মেজাজ হারিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। আদালত প্রাঙ্গণে ভিড়ের মধ্যে এক সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত তোলার গুরুতর অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। এ সময় ওই সাংবাদিককে উদ্দেশ করে গালিগালাজ ও দেখে নেওয়ার হুশিয়ারিও দেন তিনি।

ঘটনার সূত্রপাত যেভাবে:
আদালত সূত্রে জানা যায়, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে পরীমনি আদালতে উপস্থিত না হওয়ায় বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরের দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) পরীমনি স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন এবং আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এরপর আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সংবাদকর্মীরা তাঁর চারপাশ ঘিরে ধরলে হট্টগোলের সৃষ্টি হয়।

সাংবাদিকের ওপর চটলেন পরীমনি:
ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আদালত চত্বরে সাংবাদিকদের ওপর চড়াও হন পরীমনি। উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। তোমাদের ক্যামেরায় ফুটেজ আছে না? তোমরা ফুটেজ দেখে ওই ছেলেটাকে খুঁজে বের করবা।” এ সময় ওই সাংবাদিককে নিয়ে কড়া ভাষায় গালিগালাজ করেন তিনি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংবাদিকরাও মেয়েদের গায়ে হাত দেয়, কত বড় সাহস!”

সাংবাদিকদের বক্তব্য:
অন্যদিকে, অভিযুক্ত সাংবাদিক ও সেখানে উপস্থিত অন্যান্য সংবাদকর্মীরা পরীমনির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে কেবল মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন, গায়ে হাত দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি।

দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন আইনি প্রক্রিয়া ও মামলার হাজিরা দিতে গিয়ে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে বলে গণমাধ্যমের কাছে এর আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন এই নায়িকা। তবে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আদালত চত্বরে বেশ বড় ধরনের চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts