নিউজ প্রবাসী ডেক্স :

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রাথমিকভাবে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
দলটির দাবি, সারাদেশ থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে এক হাজারের বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৬৪টি উপজেলা ও ৩৪টি পৌরসভার জন্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন।
এনসিপির নেতারা জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলটি এককভাবেই অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে জোটগত সমঝোতার বিষয়ে ভবিষ্যতে আলোচনা হলে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে পাঁচটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি। নতুন ঘোষণার মাধ্যমে উপজেলা ও পৌরসভা পর্যায়েও সাংগঠনিক শক্তি বাড়ানোর ইঙ্গিত দিল নবগঠিত এই রাজনৈতিক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts