নিউজ প্রবাসী ডেক্স :

ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেন উদ্ধার শেষে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার গভীর রাত ৩টার দিকে মোংলা বন্দর থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন কোটচাঁদপুর স্টেশনের কাছে দুর্ঘটনার শিকার হয়। এ সময় ট্রেনটির পেছনের চারটি ওয়াগনের মোট ১২টি চাকা লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর খুলনা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রী ও মালবাহী ট্রেন আটকা পড়ে। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ চেষ্টার পর বৃহস্পতিবার সকালে লাইনচ্যুত ওয়াগন সরিয়ে রেললাইন সচল করা হয়। এরপর আটকে থাকা ট্রেনগুলোকে ধীরে ধীরে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts